গাড়ি সরবরাহে টেসলার নতুন রেকর্ড

২ জুলাই, ২০২১ ২৩:৫৮  
গাড়ি সরবরাহে পুনরায় রেকর্ড গড়লো টেসলা। তবে এবারের রেকর্ডটি বেশ উল্লেখযোগ্য। ইলেকট্রিক ভেহিকল নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বকালের সর্বোচ্চ দুই লাখ এক হাজার ২৫০টি গাড়ি সরবরাহ করেছে। সিএনবিসির বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, এবারই প্রথম কোনো প্রান্তিকে গ্রাহকের কাছে দুই লাখের অধিক গাড়ি সরবরাহ করেছে টেসলা। চলতি বছরের প্রথম প্রান্তিকে টেসলা এক লাখ ৮৪ হাজার ৮০০ গাড়ি সরবরাহ করেছিলো। সরবরাহ করা গাড়ির অধিকাংশই মডেল ৩ ও মডেল ওয়াই। আর মডেল এস ও মডেল এক্স মিলে মাত্র এক হাজার ৮৯০টি গাড়ি সরবরাহ করেছে টেসলা। এর মধ্যে গত ২০ জুন মডেল এস এর প্রথম সরবরাহ শুরু হয়। যদিও কিছু বিশ্লেষক যে সংখ্যা প্রত্যাশা করেছিলেন অর্জিত সংখ্যাটি ততো বড় নয়। অনেকেই ধারণা করছিলেন দ্বিতীয় প্রান্তিকে দুই লাখ ৩১ হাজার গাড়ি সরবরাহ হতে পারে। সংখ্যাটিকে কিছু বিশ্লেষকরা ততোটা বড় মনে করছেন না। এক টুইটে ইলন মাস্ক বলেছেন, অনেক প্রতিবন্ধকতা থাকা স্বত্বেও এই অর্জন এসেছে। যদিও তিনি সেই প্রতিবন্ধকতার কথা বলেননি, তবে এর আগে সাপ্লাই চেইন খরচকে বড় প্রতিবন্ধবকার কথা উল্লেখ করেছিলেন। একইসাথে কাঁচামাল, চিপ সংকটও রয়েছে। ডিবিটেক/বিএমটি